কালিয়াকৈরে সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে ওয়াজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ঝিংগাহাটি গ্রামে স্থানীয় বিল্লাল হোসেন ও আয়নাল হোসেন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের ঝিংগাহাটি গ্রামের বিল্লাল ও আয়নালের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস হয়েছে।
গতকাল জুমার নামাজ শেষে ওয়াজ উদ্দিনের বাড়ির পাশে বিল্লাল ও আয়নালের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ওয়াজ উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে সংঘর্ষ থামাতে গেলে কয়েকজন তাঁর বুকে লাথি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি পড়ে গেলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পালিয়েছে।