কালিয়াকৈরে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরের উলুসারা এলাকা থেকে গতকাল রোববার এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রথম স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন রংপুরের কোতোয়ালি থানার বিল্লাল হোসেন (২৫) ও তাঁর দ্বিতীয় স্ত্রী মরজিনা বেগম (২২)। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উলুসারা গ্রামের একটি বাড়ি ভাড়া নিয়ে পাঁচ-ছয় মাস আগে বসবাস শুরু করেন বিল্লাল হোসেন। তাঁর সঙ্গে স্ত্রী আছমা ও ছেলে রাসেলও (৫) থাকত। পরে বাড়ির ভাড়াটে মরজিনার সঙ্গে বিল্লালের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ দিন আগে আছমা বাবার বাড়িতে চলে যান। ১৬ ডিসেম্বর মরজিনাকে বিয়ে করেন বিল্লাল। শনিবার রাতে আছমা স্বামীর বাসায় এলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিল্লালের বড় ভাই আবদুল হাইয়ের বাড়িতে রাতে থাকেন আছমা। গতকাল দুপুরের পরও বিল্লাল ও মরজিনা ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে বিকেলে ঘরের ভেতর বিল্লাল ও মরজিনার লাশ ঝুলতে দেখেন তাঁরা।