কালিয়াকৈরে ১০ কোটি টাকা নিয়ে সমিতি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এর প্রতিবাদে গ্রাহকেরা গতকাল সোমবার ওই বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানোয়ার হোসেন বলেন, ‘গ্রাহকেরা দাবি করছেন প্রায় ৪০ কোটি টাকা নিয়ে গেছেন। আমার ধারণা, ১০ কোটি টাকা হতে পারে। ঘটনাটি তদন্ত করে উপজেলা সমবায় কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
সফিপুর বাজারের ব্যবসায়ী ও সমিতির সদস্য সূত্র জানায়, জেলা সমবায় কার্যালয়ের অনুমোদন নিয়ে ১০-১১ বছর ধরে বাজারের গরুর হাট এলাকায় মার্কেটে অফিস কক্ষ ভাড়া নিয়ে গাজীপুর জেলা শহরের মাধবপুর এলাকার এম এ আজিজ আহমেদ নামের এক ব্যক্তি ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতির কার্যক্রম শুরু করেন। তিনি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১১ হাজার লোককে সদস্য করেন। তাঁদের কাছ থেকে পাসবইয়ের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় আদায় করা হয়। নানা মেয়াদে সদস্যদের ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা হয়। তিন-চার সপ্তাহ আগে গ্রাহকেরা জমানো টাকা লাভসহ ফেরত নিতে আসেন। সমিতির সভাপতি এম এ আজিজ আহমেদ ২৯ ফেব্রুয়ারি (গতকাল সোমবার) টাকা ফেরত দেওয়া হবে জানিয়ে গ্রাহকদের কাছ থেকে পাসবই রেখে দেন। গতকাল সকালে গ্রাহকেরা এসে সমিতির কার্যালয় বন্ধ দেখতে পান।
এম এ আজিজের মুঠোফোন কল করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। আশপাশের দোকান ও আজিজের বাড়িতে খোঁজ নেওয়া হলে কেউ কিছু বলতে পারেননি। এ সময় গ্রাহকদের টাকা নিয়ে আজিজ পালিয়ে গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবরে কয়েক শ গ্রাহক এসে সমিতির বন্ধ কার্যালয়ের সামনে ভিড় করেন। বেলা একটার দিকে বিক্ষুব্ধ গ্রাহকেরা সমিতির অফিসের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মহাসড়কে যানজট তৈরি হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, পুলিশ এসে গ্রাহকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা পৌনে দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেলে জেলা সমবায় কর্মকর্তা নুরুল আলম ও উপজেলা সমবায় কর্মকর্তা আবু মঈন রকিব আহম্মেদ গ্রাহকদের সঙ্গে কথা বলেন।
সফিপুর এলাকার সালমা আক্তার নামের সমিতির এক সদস্য বলেন, তিনি পোশাক কারখানার শ্রমিক। সমিতিতে তিন বছর মেয়াদে তিনি মাসে সাড়ে ৫ হাজার টাকা করে জমা রাখতেন। গতকাল তাঁকে ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
মোমেনা আক্তার, আমেনা বেগম ও মোখলেছুর রহমান নামের তিনজন সদস্য বলেন, তাঁদের প্রত্যেকেরই প্রায় ৩ থেকে ৮ লাখ টাকা জমা হয়েছে।