
টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার আজ সোমবার প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের ঢাকা রেঞ্জ অফিসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে গত শনিবার কালিহাতী ও ঘাটাইল থানার সাতজন পুলিশকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
পুলিশের গুলিতে আহত আরও একজন গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নাম মো. রুবেল হোসেন (২০)। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে। গত শুক্রবার এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ বাদশাহ ও রুবেল নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল। মুখে গুলিবিদ্ধ বাদশাহ চিকিৎসাধীন আছেন।
গত শুক্রবার বিকেলে কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলি চালায় পুলিশ। গত মঙ্গলবার কালিহাতীর সাতুটিয়া গ্রামে এক তরুণ ও তাঁর মাকে শ্লীলতাহানি ও নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে রোমা ও তাঁর ভগ্নিপতি হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ওই দিন বিক্ষোভ মিছিল বের করেন।