কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতন
টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে তাঁদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। পরে ওই মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কালিহাতী উপজেলা সদরে সাতুটিয়া এলাকায় মোজাফফর হোসেনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রোমার স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার এক শ্রমজীবী ছেলের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই ছেলের সঙ্গে রোমার স্ত্রী চলে গিয়েছিলেন। পরে তাঁকে ফিরিয়ে আনা হয়। তিন দিন আগে রোমার স্ত্রী আবার ওই ছেলেটির কাছে চলে যান।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রোমা ও তাঁদের পরিবারের লোকেরা আলোচনার কথা বলে ওই ছেলে, তার মা ও রোমার স্ত্রীকে কালিহাতীতে রোমাদের বাড়িতে ডেকে আনেন। পরে স্ত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে বাড়ির উঠানে ওই ছেলেকে বিবস্ত্র করেন। এ সময় তার মাকেও বিবস্ত্র করা হয়। মা ও ছেলের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়। স্থানীয় মানুষ ঘটনাটি পুলিশকে জানালে বেলা একটার দিকে
পুলিশ সেখানে গিয়ে ওই মা ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নির্যাতন চালানোর অভিযোগে রফিকুল ইসলাম রোমাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ছেলেটির মা বাদী হয়ে রোমা, রোমার ভগ্নিপতি হাফিজুর রহমান এবং কাজী নামের একজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এই মামলায় রোমাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে রোমার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর ভগ্নিপতি হাফিজুরের মুঠোফোন নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
গতকাল বিকেলে পুলিশ প্রহরায় ওই ছেলে ও তার মাকে ঘাটাইলে আঠারোদানা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওসি শহিদুল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তাঁদের একাধিক দল মাঠে নেমেছে।