কালিহাতীর গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন

টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো রুবেল হোসেন (২০)। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে।
আজ সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক।
এর আগে গত শুক্রবার এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ বাদশাহ ও রুবেল নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল। মুখে গুলিবিদ্ধ বাদশাহ চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, একটি ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার কালিহাতীর সাতুটিয়া গ্রামে এক তরুণ ও তাঁর মাকে শ্লীলতাহানি ও নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে রোমা ও তাঁর ভগ্নিপতি হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা কালিহাতী ও পাশের ঘাটাইল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডে জড়ো হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। তখন বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা মিছিল করে থানার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভকারীরা বাসস্ট্যান্ডে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করে এবং গুলি ছোড়ে। পুলিশের লাঠির আঘাত ও গুলিতে অর্ধশতাধিক বিক্ষোভকারী আহত হন। আহত ব্যক্তিদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে কালিহাতীর কুষ্টিয়া গ্রামের ফারুক হোসেনকে (৩০) কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঘাটাইল উপজেলার সালেঙ্কা গ্রামের শামীম হোসেন (৩২) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানান কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলায়েত হোসেন। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান গুরুতর আহত তিনজনের একজন শ্যামল চন্দ্র দাশ। আজ সন্ধ্যায় মারা যান রুবেল হোসেন।
আরও পড়ুন: