কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের দল
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার হঠাৎ ঢুকে পড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এর নেতৃত্বে ছিলেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় হাসপাতালে পাঁচজন চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন তিনজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাও অনুপস্থিত ছিলেন।
রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার, রোগীদের কাছ থেকে নার্সদের টাকা নেওয়া, হাসপাতালে পানি না থাকা, এক্স-রে যন্ত্র নষ্ট, বিছানা নোংরা, ওষুধের অভাব—এমনÑধরনের নানা অভিযোগ দুদক দলের কাছে তুলে ধরেন উপস্থিত রোগীরা। এ সময় এলাকার উৎসুক লোকজনও জড়ো হন সেখানে। প্রায় এক ঘণ্টা দুদক দল সেখানে অবস্থান করে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদক দলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রভাস কুমার দাস প্রায়ই অনুপস্থিত থাকেন, এটি নিশ্চিত হওয়া গেছে। কয়েক দিনের মধ্যে সাতটি ছুটির আবেদন তাঁর দপ্তরে পাওয়া গেছে। কিন্তু তিনি ছুটি যথাযথভবে নেননি।
প্রভাস কুমার দাসের সঙ্গে মুঠোফোনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কথা বললে তিনি প্রথম আলোর কাছে ছুটি যথাযথভাবে না নেওয়ার বিষয়টি স্বীকার করেন। অন্য অভিযোগের বিষয়ে বলেন, গত রাতেই (বুধবার) প্রসব (ডেলিভারি) করাতে নার্সরা টাকা নিয়েছেন বলে অভিযোগ পেলাম। আগেও এ ধরনের অভিযোগ পেয়ে তাঁদের ডেকে কথা বলেছি। অন্য সমস্যাগুলো সারা দেশের হাসপাতালের মতোই চিত্র। সমাধানের চেষ্টা চলছে।
এরপর স্থানীয় লোকজন সেটেলমেন্ট ও সাবরেজিস্ট্রার কার্যালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন দুদক দলের কাছে। পরে ইউএনওর কার্যালয়ে ওই দুই অফিসের সবাইকে ডেকে এনে কথা বলেন তাঁরা।
এ দলে অন্যদের মধ্যে ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় পরিচালক আবুল হাসান, যশোরের উপপরিচালক মো. জাহিদ হোসেন, দুদক কমিশনারের একান্ত সচিব সৈয়দ রবিউল ইসলাম।