কালিয়াকৈর ও আখাউড়ায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যক্তি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুটি লাশই গতকাল বুধবার উদ্ধার করা হয়।
কালিয়াকৈরে উদ্ধার করা ব্যক্তির নাম সফিকুল ইসলাম ওরফে ঝটিকা (৫৫)। তাঁর বাড়ি উপজেলার কৌচকুড়ি এলাকায়। আর আখাউড়ায় উদ্ধার করা যুবকের নাম মো. সালাম মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আখাউড়ার হজরত শাহ পীর কল্লা শহীদ (র.)-এর মাজারে থাকতেন।
কালিয়াকৈর থানা-পুলিশ ও নিহত দুজনের পরিবার সূত্র জানায়, গতকাল দুপুরে সফিপুর উত্তরপাড়া এলাকার পৌরসভার ময়লার স্তূপের পাশ থেকে সফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সফিপুর দোকানপাড় এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে পৌরসভার বিভিন্ন বাসাবাড়ির ময়লা ফেলার কাজ করতেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজ করার উদ্দেশ্যে সফিকুল বাসা থেকের বের হন। রাত ১০টায়ও বাসায় না ফেরায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল বুধবার দুপুরে উপজেলার সফিপুর পৌরসভার পাশে বিভিন্ন বাসাবাড়ির ময়লা রাখার স্তূপের পাশে একটি নালায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মজিদ বকুল বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশটি সফিকুলের বলে শনাক্ত করেন। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আখাউড়া থানার পুলিশ ও মাজার এলাকার লোকজন সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেললাইনের পাশে একটি ভবনের নিচে ঘুমাতে গিয়ে অন্য কয়েকজন ভবঘুরের সঙ্গে সালাম মিয়ার কথা-কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রাতের কোনো এক সময় ইট দিয়ে মাথা থেঁতলে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, এই হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।