কালিয়াকৈর ও সিঙ্গাইরে গৃহবধূসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মেদুলিয়া গ্রামে আব্বাস আলী শেখ নামের একজন খুন হয়েছেন। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর এলাকায় নুরিজা বেগম নামের এক গৃহবধূ খুন হন। গতকাল রোববার দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
সিঙ্গাইর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস আলী (৫২) মেদুলিয়া গ্রামের মৃত দুদু শেখের ছেলে। শনিবার রাত নয়টার দিকে খাবার খেয়ে বাড়ির বারান্দার কক্ষে ঘুমিয়ে পড়েন আব্বাস। তাঁর স্ত্রী আইরিন আক্তার দুই সন্তানকে নিয়ে বড় কক্ষে ঘুমাতে যান। রাত দুইটার দিকে বারান্দার কক্ষের দরজা খোলা দেখে বাড়ির লোকজন ভেতরে ঢোকেন। সেখানে দুই হাত বাঁধা অবস্থায় আব্বাসকে মৃত পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ আব্বাসের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আব্বাসের ভাতিজা জহিরুল ইসলাম বলেন, একই গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর চাচির সম্পর্ক ছিল। প্রায় দেড় মাস আগে ওই যুবকের স্ত্রী তাঁর (জহিরুল) কাছে এ বিষয়ে নালিশ দেন। এ নিয়ে তাঁর চাচা ও চাচির মধ্যে কলহ চলছিল।
সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী বলেন, আব্বাসকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল বলে শোনা যাচ্ছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির স্ত্রীকে আটক করা হয়েছে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাটের কানাই থানার শাহীন আলম স্ত্রী জিয়াসমিন বেগমকে নিয়ে প্রায় তিন বছর ধরে কালিয়াকৈরের রতনপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকছেন। শাহীন এলাকায় অটোরিকশা চালান। জিয়াসমিনও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। সাত-আট মাস আগে নুরিজা বেগম (২৫) নামের আরেক পোশাকশ্রমিককে বিয়ে করে একই বাসায় তোলেন শাহীন। কিছুদিন ধরে এ নিয়ে তাঁর পরিবারে কলহের সৃষ্টি হয়। কলহের জের ধরে শাহীন ও জিয়াসমিন মিলে শনিবার রাতের কোনো একসময় নুরিজাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বাড়ির একটু দূরের পরিত্যক্ত ছাপরা ঘরের বারান্দায় নুরিজার লাশ ফেলে রাখেন। ঘটনার পর থেকে শাহীন ও জিয়াসমিন পলাতক। গতকাল সকালে ছাপরা ঘরের বারান্দায় নুরিজার লাশ দেখে পুলিশে খবর দেন লোকজন। সকাল নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নুরিজা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়চাদর এলাকার মৃত আবদুস সামাদের মেয়ে।
মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, নুরিজাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।