সরকারি চাল আত্মসাতের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-২ ঢাকা গত মঙ্গলবার রাতে ঢাকার সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গত ১২ ডিসেম্বর আটাবহ ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক বাদী হয়ে শতাধিক মৃত ব্যক্তির নামে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল তুলে কালোবাজারে বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ও তাঁর সহযোগী ইব্রাহিম খালেদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে তদন্ত করার জন্য মামলাটি দুদক নিয়ে যায়।
পুলিশ, দুদক ও এজাহার সূত্রে জানা যায়, আলাউদ্দিন মোল্লা ইউনিয়নের তালিকায় শতাধিক মৃত ব্যক্তির নাম দেখিয়ে ১০ টাকা কেজির চাল তুলে কালোবাজারে অধিক দামে বিক্রি করেছেন। এ ছাড়া আলাউদ্দিনের মদদে ডিলাররা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৫০০ কার্ড থেকে শতকরা ২০ ভাগ কার্ড চেয়ারম্যানের আস্থাভাজনদের মধ্যে বিতরণ করেন। বাকি ৮০ ভাগ কার্ড নিজেদের কাছে রেখে অবৈধভাবে চাল উত্তোলন করে বেশি দামে কালোবাজারে বিক্রি করেন। দুদক তদন্ত করার পর অভিযোগের সত্যতা পায়। মঙ্গলবার রাত ১১টার দিকে দুদকের পক্ষ থেকে আলাউদ্দিনকে মুঠোফোনে সাভারে আসতে বলা হয়। এরপর দুদক কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করে সাভার থানা-পুলিশের হেফাজতে রাখেন। গতকাল বুধবার সকালে তাঁকে সাভার থানা থেকে দুদক কর্মকর্তারা নিয়ে যান।