কালিয়াকৈরে কারখানার ব্যবস্থাপক এবং শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে এক কারাখানা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উপজেলার ভাতারিয়া এলাকা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লাশ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত কর্মকর্তার নাম মো. শফিকুল ইসলাম। তিনি উপজেলার টান কালিয়াকৈর এলাকায় সরকার নিট নামে তৈরি পোশাক কারখানায় ব্যবস্থাপক ছিলেন। পুলিশ ধারণা করছে, তাঁর বয়স ৩৫ বছরের মতো হবে। আর নিহত শ্রমিকের নাম সাগর আহাম্মেদ। তাঁর বয়স হবে ২৫ বছরের মতো। তিনি ইলেকট্রনিকস পণ্য তৈরির কারখানায় কাজ করতেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, কারখানার ভেতরে একটি ক‌ক্ষে শফিকুল ইসলাম বসবাস করতেন। আজ স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁর গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। পরে সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এসআই মনিরুল আরও জানান, কারখানার কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মা​লিকের সঙ্গে মোবাইলে কথা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় লোকজনের বরাত দিয়ে কালিয়াকৈর থানার এই কর্মকর্তা জানান, সাগর ভাতারিয়া এলাকায় সিনথিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী বেড়াতে যাওয়াও তিনি একাই ঘরে ছিলেন। আজ সকালে নয়টা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় আশপাশের লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু সাড়া না মেলায় তাঁরা ঘরের টিনের বেড়ার ফাঁকা দিয়ে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝোলানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
নিহত সাগর মানিকগঞ্জের ঘিওর থানার জাদরা এলাকার মান্নান মিয়ার ছেলে।