কালিয়াকৈরে গণপিটুনিতে গরুচোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে হাসমত আলী নামের এক গরুচোর গণপিটুনিতে নিহত হয়েছে।
গতকাল রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গরুচোর হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাঠাঙ্গা গ্রামের অহিদুল ইসলামের ছেলে হাসমত আলী (২৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে গত শনিবার রাতে দুটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল হাসমত আলী নামের এক গরুচোর।
এ সময় আলী হোসেনের বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের এলাকার লোকজন এগিয়ে এসে একই এলাকার জীতেনের বাড়ির পাশে গরুসহ হাসমতকে আটক করে পিটুনি দেন। গণপিটুনির পর হাসমত গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এসে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ রাতেই মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে মুমূর্ষু অবস্থায় হাসমতকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়।
পুলিশ হাসমতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল আলম বাদী হয়ে গতকাল বিকেলে এক থেকে দেড় শ অজ্ঞাতনামা লোককে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন।