কালিয়াকৈরে গুলি করে টাকা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গতকাল বুধবার একজনকে পায়ে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যক্তিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তি হলেন কুড়িগ্রামের রাজিবপুর থানার শংকর মাধবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে শফিকুল ইসলাম (৩০)। তিনি কালিয়াকৈরের তেলিচালা এলাকায় ভাড়া থাকেন। তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি।
সফিপুর বাজারের সিমেন্ট ব্যবসায়ী আবদুল জব্বার ও আহত সফিকুল ইসলাম বলেন, গাজীপুরের কোনাবাড়ী বাজারে শাহ সিমেন্টের মেসার্স কোনাবাড়ী ট্রেড লিংক নামে একটি এজেন্ট আছে। ওই এজেন্টের বিক্রয় প্রতিনিধি শফিকুল ইসলাম গতকাল সকালে সফিপুরসহ আশপাশের বেশ কয়েকটি সিমেন্টের দোকান থেকে সাড়ে সাত লাখ টাকা সংগ্রহ করেন। পরে মোটরসাইকেলে করে সফিপুর বাজার থেকে রতনপুর এলাকার একটি দোকানে টাকা সংগ্রহের জন্য রওনা হন তিনি। কালিয়াকৈর পৌরসভার সফিপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে এলে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী শফিকুলকে থামায়। পরে ছিনতাইকারীরা তাঁর কাঁধে থাকা টাকার ব্যাগটি নেওয়ার চেষ্টা করলে শফিকুল বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা দুটি পিস্তল দিয়ে তাঁর দুই পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ছিনতাইকারীরা গুলি করে টাকা লুট করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।