কালিয়াকৈরে গৃহবধূ খুন, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় গতকাল শনিবার এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামী বাপ্পি দাস মাথায় লাঠির আঘাতে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বাপ্পিকে আটক করেছে।

ওই গৃহবধূ হলেন নড়াইল সদর উপজেলার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্ত দাসের মেয়ে কবিতা গুপ্ত দাস (২৫)। প্রায় ১২ বছর আগে একই উপজেলার পুরা বাদুরিয়া গ্রামের বাপ্পি দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাপ্পি দাস ও কবিতা গুপ্তের ঘরে তুলি দাস (৮) ও তজু দাস (আড়াই বছর) নামের দুই সন্তান রয়েছে। এ দম্পতি হিজলহাটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বাপ্পি দাস রাজমিস্ত্রির আর কবিতা হিজলহাটি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে কলহ চলছিল। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাপ্পি লাঠি দিয়ে কবিতার মাথায় সজোরে আঘাত করেন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বাড়ৈপাড়া এলাকার একটি ক্লিনিকে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী বাপ্পিকে আটক করে পুলিশ সোপর্দ করে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ আলম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।