কালিয়াকৈরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় সালিমা খাতুন (২৫) নামের এক নববধূকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী আবদুল মালেক খান পলাতক। সালিমা যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের মনসুর আলীর মেয়ে।
গৃহবধূর মামাতো ভাই শাহজাহান মিয়া অভিযোগ করেন, মাস খানেক আগে বরগুনার বামনা থানার ডোয়াতলা এলাকার মালেকের সঙ্গে সালিমার বিয়ে হয়। মালেক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত। বিয়ের পরপরই মালেক তালাক চাইতে শুরু করে। নতুন একটি ভালো চাকরির জন্য তার নাকি এ তালাকনামা দেখানো দরকার ছিল। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এরই জের ধরে সালিমাকে হত্যা করে ঝুলিয়ে রেখে মালেক পালিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ছয় দিন আগে মালেক স্ত্রীকে নিয়ে চন্দ্রার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। গতকাল সকালে প্রতিবেশীরা দরজা খোলা দেখে তাঁদের ঘরে গিয়ে সালিমার ঝুলন্ত লাশ দেখতে পান। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি ঝুলছিল। পরে প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মালেক পলাতক।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সালিমার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।