কালিয়াকৈরে গৃহবধূকে হত্যার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকায় যৌতুক না পেয়ে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে।
নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (২০)। তাঁর স্বামী গাছবাড়ী এলাকার রিপন হোসেন।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, গাছবাড়ী এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে রিপন হোসেনের সঙ্গে প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ইতালি বাজার এলাকার খোয়াজ উদ্দিনের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রিপন হোসেন যৌতুকের টাকার জন্য রুমাকে চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর নির্যাতন শুরু হয়। এ নিয়ে কয়েকবার বিচার সালিসও হয়েছে। সর্বশেষ তিন মাস আগে টিভি ও ফ্রিজের দাবিতে রিপন রুমা আক্তারকে মারধর করে বাড়ি থেকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনার সালিসের পর স্থানীয় মাতব্বর ও পরিবারের সম্মতিতে রুমা আক্তার ফের স্বামীর বাড়ি ফিরে যান। গত বৃহস্পতিবার রাতে রিপন হোসেন রুমা আক্তারকে শারীরিক ও মানুষিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তাঁরা রুমার বাবার বাড়িতে খবর পাঠান, রুমা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রুমার দাদা মো. আক্কাছ আলী অভিযোগ করেন, তাঁর নাতিকে শ্বাসরোধ করে হত্যা করে রিপন বাড়ি থেকে পালিয়ে গেছেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, নিহত ব্যক্তির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।