কালিয়াকৈরে গ্যাসের এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তিনটি গ্রামের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল সোমবার অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এ সময় ১ হাজার ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। এতে প্রায় এক হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়।

তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে উপজেলার উলুসাড়া, বাড়ইপাড়া, হাবিবপুর গ্রামে অবৈধ গ্যাস-সংযোগ দেয় স্থানীয় দালালেরা। এরপর দালালেরা সংযোগ বৈধ করার কথা বলে সংযোগপ্রতি ৫০ থেকে ৭০ হাজার করে টাকা হাতিয়ে নেয়। অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার প্রায় ছয় মাস পর তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। কিন্তু দালালেরা আবার সংযোগ দেয়। বিষয়টি তিতাস কর্তৃপক্ষের নজরে এলে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ওই তিন গ্রামের প্রায় এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন তিতাসের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সুরুজ আলম। এ সময় উপব্যবস্থাপক সফিউদ্দিন আহম্মেদ, উপব্যবস্থাপক আরিফ মাহমুদ, সহকারী প্রকৌশলী বদরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সুরুজ আলম বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া অবৈধ গ্যাস-সংযোগ গ্রহণকারী, এতে সহায়তাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।