কালিয়াকৈরে ঘরে ঢুকে তরুণকে কুপিয়ে জখম
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সোমবার ঘরে ঢুকে জাহিদুল ইসলাম (২৫) নামের এক তরুণকে কুপিয়ে জখম করেছে স্থানীয় রাসেল মণ্ডল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। উপজেলার মেদী আশুলাই দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী রাসেলকে আটক করলেও পুলিশ এসে তাঁকে ছাড়িয়ে দেয়।
আহত জাহিদ দেওয়ানপাড়া এলাকার মীর মান্নানের ছেলে। রাসেল এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার মেদী আশুলাই এলাকার সফিকুল ইসলামের ছেলে রাসেল দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলেন। কিছুদিন আগে জাহিদুলের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক মিলে রাসেলকে মাদক বিক্রি করতে নিষেধ করেন। গতকাল ভোরে রাসেলের নেতৃত্বে চার থেকে পাঁচজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুলের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে রাসেলকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ এসে রাসেলকে জনতার হাত থেকে উদ্ধার করে ছেড়ে দেন। চিকিৎসাধীন জাহিদুল বলেন, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাঁকে হত্যার চেষ্টা করা হয়।
এ ব্যাপারে রাসেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাসেলের বাবা সফিকুল ইসলাম বলেন, তাঁর ছেলে মাদক ব্যবসায়ী নন। নারীঘটিত কারণে ওই ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট চাপাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুজ্জামান বলেন, ঘটনার সুষ্ঠু মীমাংসার শর্তে পুলিশ রাসেলকে ছেড়ে দেয়।
কালিয়াকৈর থানার এএসআই মোশারফ হোসেন বলেন, রাসেল মাদক ব্যবসায় জড়িত বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত জাহিদুল কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।