গাজীপুরের কালিয়াকৈরে চারটি ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার অকটেন পরিমাণে কম দেওয়ায় ফিলিং স্টেশনগুলোকে জরিমানা করা হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. সানোয়ার হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন। আদালত সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলো অকটেন পরিমাণে কম দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল বিকেলে খাড়াজোড়া এলাকার উইনার এনার্জি, চন্দ্রা এলাকার ভাইকিং ও সীমান্ত এবং জোড়া পাম্প এলাকার মুনস্টার ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় উইনার এনার্জি ফিলিংকে ১০ হাজার, ভাইকিং ফিলিংকে ২০ হাজার, মুনস্টার ফিলিংকে ২০ হাজার ও সীমান্ত ফিলিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেনসহ কালিয়াকৈর থানার পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।