কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা, আহত ৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সফিপুর পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন বিএনপির কর্মী খায়রুল আলম (৩২)।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলামের নামে সফিপুর পশ্চিমপাড়া এলাকার জম জম স্পিনিং মিলস কারখানায় ঝুট উৎপাদন করা হয়। কিন্তু ব্যবসা পরিচালনা করেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান। অন্যদিকে পৌর ছাত্রলীগের আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক খসরুল আলম ও তাঁর ভাই বিএনপির কর্মী খায়রুল আলম তাঁদের লোকজন নিয়ে ওই কারখানায় ঝুট বের করার প্রস্তুতি নেন। গতকাল বুধবার ওই কারখানা থেকে ঝুটের মাল বের হচ্ছে—এমন খবর পেয়ে খসরুল, খায়রুল ও তাঁদের লোকজন নিয়ে ওই কারখানার সামনে অবস্থান নেন। এ সময় খসরুল ঝুট বের করতে না পেরে রামদা, হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আতাউর রহমানের কার্যালয়ে হামলা চালান। খসরুল পক্ষের ২০-২৫ জন লোক আতাউরের কার্যালয়ের আসবাব ভাঙচুর করে। হামলায় দুটি মোটরসাইকেলসহ বাড়ির মূল ফটক, আমিনুল ইসলামের কনফেকশনারি ও শাজাহানের চায়ের দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় তারা কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এদিকে ওই হামলায় উপজেলার বোর্ড মিল এলাকার সুমন পাটোয়ারী (৩২), একই এলাকার শামসুল হক (২৬) ও জনি (২৬) এবং সফিপুর পশ্চিমপাড়া এলাকার শংকর (২৫) আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা ও মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে খায়রুলকে আটক করে থানায় নিয়ে যায়।
আতাউর রহমান অভিযোগ করেন, খসরুল ও তাঁর লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে চারজন আহত হন। পরে খসরুল ও তাঁর লোকজন কার্যালয়ে ঢুকে ক্যাশে থাকা ১৪ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নেন।
খসরুল আলম বলেন, ‘আমি বাধা দিতে গিয়েছিলাম এটা সত্য। কিন্তু সেখান থেকে চলে আসার পর আতাউর ওই ঘটনা ঘটিয়ে তাদের ফাঁসাতে চাইছে।’ তিনি দাবি করেন, তাঁর ভাই খায়রুল আলম চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। কারখানায় যাওয়ার পথে চক্রান্ত করে আতাউরের লোকজন তাঁকে পুলিশ ধরিয়ে দেন।
এ ঘটনায় আতউর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।