কালিয়াকৈরে দিনমজুরের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়াপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে মাছ চুরিকে কেন্দ্র করে এক দিনমজুরের বাড়িতে হামলা চালিয়েছেন প্রভাবশালী মাছ ব্যবসায়ী ও তাঁর সহযোগীরা।
হামলায় দিনমজুর জালাল উদ্দিন, তাঁর স্ত্রী পারভীন বেগম ও জালালের ছোট ভাইয়ের স্ত্রী পছিরন নেছা আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ঘরের দরজাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়।
স্থানীয় ব্যক্তিরা বলেন, জালাল উদ্দিন নয়াপাড়ায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে পুকুরের মাছ চুরির সন্দেহে একই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী আবুল কাশেমের নেতৃত্বে ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে জালালের বাড়িতে হামলা চালান। এ সময় জালাল ও তাঁর স্ত্রী পারভীন দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে চলে যান। তখন আবুল কাশেম ও তাঁর লোকজন ঘরের দরজা ভেঙে জালাল ও তাঁর স্ত্রীকে মারধর করেন। পাশের ঘর থেকে জালালের ছোট ভাইয়ের স্ত্রী পছিরন নেছা এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি মারধর করেন হামলাকারীরা।