কালিয়াকৈরে দুই মন্দিরে চুরি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকার একটি মন্দিরে গত সোমবার গভীর রাতে চুরি হয়েছে। একই রাতে এলাকার অন্য একটি মন্দিরেও চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শেওড়াতলী এলাকায় শ্রীশ্রী নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রমে তিনটি মন্দির রয়েছে। এগুলো হচ্ছে নাটমন্দির, দুর্গা মন্দির ও শ্রীশ্রী মহাপ্রভু সেবা আশ্রম মন্দির। মহাপ্রভু সেবা আশ্রমে সোমবার দিবাগত রাতে চুরি হয়। দুর্বৃত্তরা সীমানাপ্রাচীর টপকে মন্দিরের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা পিতলের দুটি গোপাল মূর্তি, একটি সিংহাসন, আধা ভরির স্বর্ণের টিপ, পিতলের দুটি কলস, দুটি ঘণ্টিসহ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার সাহা গতকাল মঙ্গলবার কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
একই এলাকার শ্রীশ্রী কালীমাতার মন্দির থেকে একটি পিতলের ঘণ্টি চুরি হয়েছে। খবর পেয়ে গতকাল দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, ‘আশা করি, খুব তাড়াতাড়ি চুরি যাওয়া মালামাল উদ্ধার করা যাবে। জড়িত ব্যক্তিরাও ধরা পড়বে।’