কালিয়াকৈরে দুই শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার একটি পোশাক কারখানায় দুই শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গতকাল শনিবার সকালে কারখানাটির বর্জ্য শোধনাগারের হাউস থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শ্রমিকেরা হলেন যশোরের অভয়নগর উপজেলার শিদ্দিপাশা গ্রামের সোহরাব খানের ছেলে আবদুর রাজ্জাক (৪৫) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খাসবাড়ী গ্রামের সাদেকুল ইসলামের ছেলে লাভলু মিয়া (২০)।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ভান্নারা এলাকার উর্মি নিটওয়্যার লিমিটেড নামের ওই কারখানার বর্জ্য শোধনাগারের অপারেটর হিসেবে আবদুর রাজ্জাক চার বছর ও তাঁর সহযোগী লাভলু মিয়া ছয় মাস ধরে কাজ করে আসছিলেন। তাঁরা গাজীপুর সদরের মেঘলাল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত শুক্রবার সকাল আটটায় তাঁরা কাজে যোগ দেন। রাতে তাঁরা বাসায় ফেরেননি। গতকাল সকালে রাজ্জাক ও লাভলুর খোঁজ নিতে তাঁর স্বজনেরা কারখানায় আসেন। বিষয়টি জানতে পেরে কারখানা কর্তৃপক্ষের লোকজন বর্জ্য শোধনাগারে খোঁজ নেন। তখন তাঁরা বর্জ্য শোধনাগারের হাউসে দুজনের লাশ দেখতে পান। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের নাকে রক্তের চিহ্ন এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লাভলু মিয়ার চাচা সাইফুল ইসলাম বলেন, তাঁর ভাতিজাসহ অপর শ্রমিককে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে।
বর্জ্য শোধনাগারের প্রকৌশলী আবদুল আজিজ বলেন, হাউসের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে।