কালিয়াকৈরে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর থেকে আজ মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ মাসুম (৩৫) নামের একজন দুই দিন নিখোঁজ ছিলেন। আর অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
মাসুমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে মোহাম্মদ মাসুম গাজীপুর সদর এলাকায় থাকতেন। তাঁর বাড়ি দিনাজপুরের সদর উপজেলায়। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকায় ডিভাইন টেক্সটাইল কারখানায় প্রিন্টিং ম্যানেজার হিসেবে কাজ করতেন। কারখানার কাজ শেষে গত রোববার রাতে আর বাসায় ফেরেননি তিনি। গতকাল সোমবার সকালে মাসুমের ছোট ভাই মো. সোহেল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমির এক নম্বর গেটের পাশে ডোবায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পরে খবর পেয়ে ডিভাইন টেক্সটাইল কারখানার কর্মকর্তারা হাসপাতালে গিয়ে লাশটি মাসুমের বলে শনাক্ত করেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন প্রথম আলোক বলেন, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কাপড়ের টুকরা দিয়ে তাঁর হাত, মুখ ও চোখ বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হাত, মুখ ও চোখ বেঁধে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে। পরে লাশটি ওই স্থানে ফেলে রাখে।
এদিকে, উপজেলার কালামপুর খাজার টেক এলাকায় রেললাইনের পাশ থেকে আজ সকাল সাড়ে নয়টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি, তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
কালিয়াকৈর থানার এসআই চন্দন কুমার বলেন, দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।