কালিয়াকৈরে নারীকে দাহ্য পদার্থ নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোটবাড়ী এলাকায় গতকাল সোমবার ভোরে আইরিন আক্তার নামের এক নারীর ওপর তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। আইরিনের সাবেক স্বামী দাহ্য পদার্থ নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আইরিনের পরিবার সূত্রে জানা গেছে, ছয় বছর আগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের তালতলী গ্রামের নুরুল ইসলাম মাস্টারের ছেলে বছির মোল্লার সঙ্গে আইরিনের (৩০) বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এরই মধ্যে বছির মাদকাসক্ত হয়ে পড়েন। আইরিনের ওপর বছিরের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। তিন মাস আগে বছিরের বাড়িতে সালিস বৈঠক বসে। সালিসে বছির স্ত্রীকে তালাক দেন। পরে আইরিন তাঁর মেয়েকে রেখে বাবার বাড়ি কোটবাড়ী এলাকায় বসবাস শুরু করেন। সাত-আট দিন ধরে আইরিনের মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি দেন বছির। এ ঘটনায় আইরিন কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল ভোরে আইরিন ও তাঁর মা জাহেদা বেগম ঘরের বাইরে বের হন। এ সময় ওত পেতে থাকা বছির আইরিনের মুখে অ্যাসিড-জাতীয় তরল ছুড়ে পালিয়ে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁর চোখে-মুখে পানি ঢালেন। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাহেদা বেগম কালিয়াকৈর থানায় মামলা করেছেন।

জাহেদা বেগম বলেন, ‘আমার মেয়ের মুখে অ্যাসিড-জাতীয় পদার্থ ছুড়ে দিয়ে তার সাবেক স্বামী বছির পালিয়ে যায়। তার চোখমুখ লাল হয়ে ফুলে গেছে। সে চোখ খুলতে পারছে না।’

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় কুমার ভূষণ বলেন, এটা অ্যাসিড কি না, এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পরই বলা সম্ভব হবে।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।