কালিয়াকৈরে পুরোহিতকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় মন্দিরের এক পুরোহিতকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই পুরোহিত কালিয়াকৈর থানায় মামলা করেন।

ওই পুরোহিত হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের স্বপন চক্রবর্তী (৩৫)। তিনি কালিয়াকৈর উপজেলার তিনটি মন্দিরের পুরোহিত ও শ্রীকৃষ্ণ জয় দুর্গা সেবা সংঘের সদস্য।
এজাহারের বিবরণ অনুযায়ী, স্বপন চক্রবর্তী মির্জাপুরের কুড়িপাড়া মাধব মন্দির, কালিয়াকৈরের চাপাইর দয়ানন্দ মন্দির ও দক্ষিণা কালীমন্দিরের পুরোহিত। তিনি প্রতিদিন তিনবার করে তিনটি মন্দিরেই পূজা সম্পন্ন করেন। গত বুধবার চাপাইর দয়ানন্দ মন্দিরের পূজা শেষ করে রাত সাড়ে আটটার দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। বাগচাপাইর গ্রামের বাসিন্দা ও চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলীর বাড়ির পশ্চিম পাশে দুই তরুণ তাঁকে থামান। দুই তরুণ তাঁকে বলেন, পশ্চিমের জঙ্গলে বড় আলমগীর তাঁকে (পুরোহিত) ডেকেছেন। এ সময় তিনি যেতে না চাইলে তরুণেরা তাঁকে জোর করে ধরে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সেখান দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় তিনি (পুরোহিত) তিন মোটরসাইকেল আরোহীর কাছে সহায়তা চান। মোটরসাইকেল থামার সঙ্গে সঙ্গে দুই তরুণ দৌড়ে পালিয়ে যান। পরে হযরত আলীসহ আশপাশের লোকজন ঘটনা জেনে অন্যদের নিয়ে জঙ্গলে খোঁজাখুঁজি করেন। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে তাঁরা পুরোহিতকে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
পুরোহিত স্বপন চক্রবর্তী বলেন, ‘তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য সন্ত্রাসীরা ওই জঙ্গলে ওত পেতেছিল। সময়মতো ওই মোটরসাইকেল আসায় আমি প্রাণে রক্ষা পাই।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ বড় আলমগীরকে খুঁজে বের করার চেষ্টা করছে।