কালিয়াকৈরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ
বেতন ও অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হন।
প্রত্যক্ষদর্শী, কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, ন্যূনতম মজুরি বৃদ্ধি, অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ সাত দফা দাবিতে কালিয়াকৈরের বারইপাড়া এলাকায় হেসং বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা পাঁচ দিন ধরে আন্দোলন করছেন। এ নিয়ে শিল্প পুলিশ, শ্রমিক ও মালিকপক্ষ গত মঙ্গলবার সন্ধ্যায় সমঝোতা বৈঠক করে। ওই বৈঠকে কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মেনে নিয়ে মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেয়। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে ওই নোটিশ পড়ে দেখেন যে তাঁদের প্রধান দাবি অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি করা হবে না।
এ সময়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ফের বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে কালিয়াকৈর-নবীনগর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ ২৩টি রাবার বুলেট, ৩০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে পাশের জঙ্গল থেকে পুলিশ ও যানবাহনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ আবারও শ্রমিকদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এসব ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কারখানার উপমহাব্যবস্থাপক দুলাল মিয়ার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন ধরেননি।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক জাকির হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।