কালিয়াকৈরে পোশাক কারখানায় কর্মবিরতি
গাজীপুরের কালিয়াকৈরের বাড়ৈপাড়া এলাকার পোশাক তৈরির একটি কারখানায় শ্রমিকেরা গতকাল শনিবারও কর্মবিরতি পালন করেছেন। ছাঁটাই ও শ্রমিক নির্যাতনের অভিযোগ এনে তাঁরা এ কর্মবিরতি পালন করেন।
কারখানার শ্রমিক ও থানা-পুলিশ সূত্র জানায়, বাড়ৈপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড কারখানার অপারেটর হেলাল উদ্দিনকে গত বুধবার কোনো কারণ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হেলালকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে বুধ ও বৃহস্পতিবার শ্রমিকেরা কারখানায় কর্মবিরতি পালন করেন। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় তৃতীয় দিনের মতো গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে একই দাবিতে কর্মবিরতি শুরু করেন। বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি অব্যাহত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ-ছয়জন শ্রমিক অভিযোগ করেন, বুধবার কারখানার ভেতরে শ্রমিকদের আটকে রেখে বহিরাগত সন্ত্রাসী দিয়ে নির্যাতন করে কর্তৃপক্ষ। এভাবে শ্রমিকদের কাজে যোগদান করানোর চেষ্টাও করা হয়। খবর পেয়ে শিল্প পুলিশও কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগদান করানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এ বিষয়ে জানতে কারখানার ব্যবস্থাপক দুলাল সাহার মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। তবে শ্রমিকদের ভেতরে আটকে রেখে নির্যাতন করার বিষয়টি সঠিক নয়। শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগদানের চেষ্টা চলছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কারখানার ভেতর শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।