কালিয়াকৈরে প্রতিমা ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর সাহাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী, মন্দির পরিচালনা কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, চাপাইর সাহাপাড়া এলাকায় ৩০০ হিন্দু পরিবার বসবাস করে। এখানে বেশ কয়েকটি মন্দির থাকলেও আটটি মন্দিরে দুর্গাপূজা পালন করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু হবে। সেই লক্ষ্যে এলাকায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি। এলাকার সর্বজনীন দুর্গামন্দিরেও পূজার প্রস্তুতি চলছে। ওই মন্দিরে ১০ সেট প্রতিমা (৫০টি) তৈরির কাজ চলছে। এর মধ্যে মন্দিরের জন্য এক সেট এবং বাকি নয় সেট বিক্রির জন্য। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এই মন্দিরের আটটি প্রতিমা ভাঙচুর করে। এর মধ্যে পাঁচটি পুরোপুরি এবং তিনটির অংশবিশেষ ভাঙচুর করা হয়। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে কালিয়াকৈর থানার পুলিশ ও দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দিরের তত্ত্বাবধায়ক ও প্রতিমা তৈরির কারিগর শান্তি গোপাল পাল বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দিরে প্রতিমা তৈরির কাজ করি। এরপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে মন্দিরে গিয়ে দেখি, কে বা কারা আটটি প্রতিমা ভাঙচুর করেছে। এখানকার প্রতিমা অন্য জেলায়ও বিক্রি করা হয়। প্রতিমা বিক্রি করেই আমার সংসার চলে।’
এলাকার টুম্পা সাহা বলেন, ‘দুই বছর আগে স্থানীয় আরেকটি মন্দিরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিদর্শনে আসে। কিন্তু তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এ বছর সর্বজনীন দুর্গামন্দিরের প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে। এবারও পুলিশ, র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি বৈরভ সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা এটা করেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতি গৌর গোপাল পালকে বিষয়টি জানানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটির তদন্ত চলছে।