কালিয়াকৈরে বন কর্মচারী ও গ্রামবাসীর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে বন বিভাগের কর্মচারী ও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বন বিভাগের পাঁচ কর্মচারী আহত হন।
পুলিশ ও বন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বন কার্যালয়ের আওতাধীন চান্দরা উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বনের জমির ওপর স্থানীয় হারিজউজ্জামানসহ ১৫-১৬ জন বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। বন কর্মকর্তারা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কয়েকজন দখলদারকে তিন দিনের সময় বেঁধে দেন তিন–চারদিন আগে। তবে নির্দিষ্ট সময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় চন্দ্রা বন কার্যালয়ের ওই পাঁচ কর্মচারী হারিজউজ্জামানের কাছে যান। এ সময় হারিজউজ্জামানের লোকজন হামলা চালান। এতে চন্দ্রা বন কার্যালয়ের ওই পাঁচজন আহত হন।
চন্দ্রা বিট কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হারিজউজ্জামান বলেন, ‘আমার কোনো লোক বন কার্যালয়ের কর্মচারীদের ওপর হামলা করেননি।’