কালিয়াকৈরে বনে করাতকল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে বনের ভেতরে অবৈধভাবে গড়ে উঠেছে কয়েকটি করাতকল। এসব করাতকলে সড়কের ধারের ও বন বিভাগের গাছ চেরাই করা হচ্ছে।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈরে সাড়ে ২১ হাজার একরের বেশি বন আছে। এ বনকে কালিয়াকৈর ও কাচিঘাটা দুটি রেঞ্জে ভাগ করা হয়েছে। দুটি রেঞ্জের আওতায় বোয়ালী, রঘুনাথপুর, খলশাজানি, কাচিঘাটা, জাথালিয়া, গবিন্দাপুর, চন্দ্রা, মৌচাক, বাড়ৈপাড়া, কাশিমপুর, সাভার নামে ১১টি বিট কার্যালয় আছে। এর মধ্যে জাথালিয়া, কাচিঘাটা, বোয়ালী, গবিন্দাপুর, রঘুনাথপুর বিট কার্যালয়ে বেশি করাতকল গড়ে উঠেছে। স্থানীয় বিট কার্যালয়ে প্রতিটি করাতকল থেকে ২ হাজার করে টাকা মাসোহারা দিয়ে নির্বিঘ্নে গাছ চেরাই করছেন কলমালিকেরা। এ সুযোগে স্থানীয় চোরাই চক্র রাতে সড়কের ধারে, সংরক্ষিত বনের ভেতর থেকে গজারিসহ নানা প্রজাতির গাছ কাটছে। প্রকাশ্য দিবালোকে এসব গাছ চেরাই করা হচ্ছে। উপজেলার রঘুনাথপুর, কাচিঘাটা, বোয়ালী, গবিন্দাপুরসহ অন্যান্য বন কার্যালয়েও একই অবস্থা।

বন বিভাগ কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী করাতকলগুলোর অনুমোদন পাওয়ার কথা নয়। আবার যে দু-একটি করাতকলের উপযোগিতা আছে, সেগুলোও বছরের পর বছর লাইসেন্স করছে না। ফলে লাইসেন্স বা অনুমোদন না থাকায় সরকারকে সহজেই রাজস্ব ফাঁকি দিতে পারছে এসব করাতকল।

খোঁজ নিয়ে দেখা যায়, জাথালিয়া বিট কার্যালয়ের আওতায় আমতল, মজিদচালা, লন্ডন বাজারসহ বেশ কয়েকটি এলাকায় বনের ভেতরে বা কাছাকাছি ১০-১২টি করাতকল স্থাপন করা হয়েছে। এসব করাতকলে উচ্চক্ষমতাসম্পন্ন শ্যালো ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে মেশিন। এতে বিদ্যুৎ-সংযোগের প্রয়োজন হচ্ছে না। দেদার চেরাই করা হচ্ছে গজারিসহ বিভিন্ন প্রজাতির গাছ। এসব করাতকলের কয়েকজন কাঠমিস্ত্রি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোটা অঙ্কের টাকা বন কার্যালয়ে দিয়েই এসব করাতকল বসানো হয়েছে। বনের লোকজন প্রতি মাসেই করাতকলে আসেন। তাঁরা টাকা নিয়ে চলে যান।

করাতকলের মালিক মো. সফিউদ্দিন ও আবদুল কাদের বলেন, প্রত্যেক মিল থেকে জাথালিয়া ফরেস্ট অফিসে মাসে ২ হাজার ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পে ১ হাজার করে টাকা দিতে হচ্ছে। মিল চালালে এ টাকা দিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

জাথালিয়া বন কর্মকর্তা আবদুল বারি বলেন, আগে রান্নার বাবুর্চিকে বেতন দেওয়ার জন্য স্টাফরা (কর্মচারীরা) সমিল থেকে টাকা নিতেন। তবে এখন আর নেওয়া হয় না। টাকা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।