কালিয়াকৈরে বাসে ডাকাতি আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ভাইকিং সিএনজি ফিলিং স্টেশনের সামনে গত বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় চালকসহ কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
এ ঘটনায় বাসচালক মোফাজ্জল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও ডাকাতকবলিত বাসের চালক ও যাত্রীরা জানান, কুড়িগ্রাম থেকে গত বুধবার রাত আটটার দিকে ফাহমিদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত একটার দিকে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ভাইকিং সিএনজি স্টেশনে সামনে থামে। এ সময় ১০-১৩ জন অস্ত্রধারী ডাকাত যাত্রী বেশে ওই বাসে ওঠে। বাসটি নবীনগর এলাকার পল্লী বিদ্যুৎ নামক স্থানে পৌঁছালে ডাকাতেরা বাসের চালক মোফাজ্জল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে ডাকাতেরা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা বাসের যাত্রী কামাল হোসেন, এনামুল হক, জহিরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন যাত্রীকে মারধর করে।
রাত তিনটার দিকে ডাকাতেরা বাসটি কালিয়াকৈরের আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকার বিশ্বাসপাড়া সড়কের মাথায় রেখে পালিয়ে যায়। এ সময় বাসের ভেতর থাকা চালক ও কয়েকজন যাত্রীর ডাকচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, এ ঘটনায় বাসচালক মোফাজ্জল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।