কালিয়াকৈরে বৃদ্ধের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি বিপণিবিতানের বারান্দা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চন্দ্রা এলাকার কাজলী সিএনজি স্টেশনের সামনের একটি বিপণিবিতানের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৬০ বছর। নাম-পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ বলেন, সকালে চন্দ্রা এলাকার কাজলী সিএনজি স্টেশনের সামনের বিপণিবিতানের বারান্দায় ওই বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসআই মুফতি মাহমুদ বলেন, বৃদ্ধের পরনে সাদা-কালো স্ট্রাইপের শার্ট ও ছাই রঙা প্যান্ট ছিল। পকেটে শ্বাসকষ্ট লাঘবের ইনহেলার ও প্রেশারের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।