সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
গত বুধবার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের ভান্নারা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিফাত আহম্মেদ (১৭)। সে কালিয়াকৈর উপজেলার আকুলিচালা এলাকার আনোয়ারুল জাহিদের ছেলে এবং একই উপজেলার বরাব এলাকার মেছের আলী খান মেমোরিয়াল কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। গতকাল শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মৌচাক-ফুলবাড়িয়া সড়কে টমটম (টেম্পো) বন্ধের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে রিফাত আহম্মেদ টেম্পোতে কলেজে যাচ্ছিল। পথে ভান্নারা এলাকায় একটি পিকআপ ভ্যান টেম্পোটিকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি উল্টে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিফাত মারা যায়।
এ ঘটনায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভান্নারা বাজার এলাকায় রিফাতের ঘাতকদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে মেছের আলী খান মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্টেশন এলাকায় অবরোধ সৃষ্টি করে।