কালিয়াকৈরে যুবক ও সাভারে গৃহবধূ খুন
ঢাকার আশুলিয়ার ইসলামনগর এলাকায় গত মঙ্গলবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবককে হত্যা করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
আশুলিয়ায় নিহত গৃহবধূর নাম সোমা আক্তার (২২)। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামীর নাম আবদুর রাজ্জাক (২৮)। বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নাজিরনগর গ্রামে। তিনি পলাতক।
আশুলিয়া থানা-পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, সোমা বছর চারেক আগে প্রেম করে আবদুর রাজ্জাককে বিয়ে করেন। এক বছর আগে রাজ্জাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় একটি হোটেলে চাকরি নেন। সোমা মাস ছয়েক আগে একটি পোশাক কারখানায় চাকরি নেন। তাঁরা ইসলামনগর এলাকায় থাকতেন। কিছুদিন আগে রাজ্জাক ব্যবসার জন্য সোমার কাছে এক লাখ টাকা চান। টাকা দিতে না চাওয়ায় সোমাকে প্রায়ই মারধর করতেন রাজ্জাক। তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
সোমার ভাই ইদ্রিস সরদার বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে এক প্রতিবেশীর মাধ্যমে বোনকে হত্যার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। তাঁরা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের মেঝেতে বোনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। রাত তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রাজ্জাককে আসামি করে সোমার বাবা লালচান সরদার গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে স্বামীর হাতেই সোমা খুন হয়েছেন। তাঁর স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালিয়াকৈর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে চন্দ্রা এলাকায় গজারি বনের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে লুঙ্গি ও সাদা চেক শার্ট ছিল। তাঁর মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে রড দিয়ে আঘাত করে হত্যার পর লাশ ওই এলাকায় ফেলে যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার ও হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে।