কালিয়াকৈরে শিক্ষককে আ.লীগ নেতার মারধর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যালয়ের এক শিক্ষককে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম সিরাজুল ইসলাম (৫০)। তিনি উপজেলার অলিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অলিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি পুনর্গঠনের প্রস্তুতি চলছে। ১১ সদস্যের কমিটির মধ্যে বিদ্যোৎসাহী সদস্যপদ দুটিও আছে। এর একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে গত রোববার আলোচনা সভা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় বিদ্যোৎসাহী একজন পুরুষ সদস্য নির্বাচনের জন্য তিনজনের নাম আসে। ওই তিনজন হলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফজলুল হক, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও আওয়ামী লীগের নেতা আবদুল মালেক। ওই সভায় সিদ্ধান্ত হয়, বিদ্যোৎসাহী সদস্যপদ দুটি নির্ধারণ করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী গতকাল উপজেলার নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। খবর পেয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ওই তিনজনের নাম মন্ত্রীর কাছে নিয়ে যান। তিনজনের মধ্যে ফজলুল হককে বাছাই করেন মন্ত্রী। এতে সাইদুল ইসলাম ক্ষিপ্ত হন। ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে বিকেলে চা খাওয়ার কথা বলে সিরাজুল ইসলামকে ডেকে পাঠান সাইদুল। পরে তাঁকে জামালপুর চৌরাস্তা এলাকার একটি দোকানে নিয়ে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সিরাজুলকে লাথি মেরে ফেলে দেন সাইদুল। তখন তাঁকে এলোপাতাড়ি মারধরও করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইদুল চলে যান। পরে স্থানীয়ভাবে সিরাজুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাইদুল ইসলাম বলেন, শিক্ষককে মারধরের কো। সিরাজুল ইসলাম বলেন, বিদ্যোৎসাহী কমিটি থেকে নাম বাদ পড়ায় এ ঘটনা ঘটিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা (সাইদুল)। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিম কবিরকে জানানো হয়েছে। নাসিম কবির বলেন, ‘বিষয়টি দুঃখজনক। স্থানীয়ভাবে বসে আমরা এর মীমাংসার চেষ্টা করব।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।