কালিয়াকৈরে সওজের শ্রমিকদের ওপর হামলা, সংস্কারকাজ বন্ধ
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার বিকেলে সড়ক ও জনপথের (সওজ) সড়ক সংস্কারে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক নারীসহ তিন শ্রমিক। এ ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সওজের রোলারচালক আবুল কালাম আজাদ, মিস্ত্রি সোহেল মিয়া এবং এক পথচারী নারী।
এলাকাবাসী ও সওজ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য বেশ কিছুদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের সংস্কারকাজ চালিয়ে যাচ্ছে গাজীপুর সওজ। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সংস্কারকাজ চলছিল। এ সময় ওই সড়কের পাশে রমজানের চায়ের দোকানে স্থানীয় সুবর্ণ ক্লিনিকের চিকিৎসক রাকিব হোসেনসহ কয়েকজন চা পান করছিলেন। ওই সময় সড়কের পাশে চুলা বানিয়ে বিটুমিন গলানোর কাজ শুরু করেন সওজের শ্রমিকেরা। আগুনের ধোঁয়া চায়ের দোকানের দিকে গেলে লোকজন ক্ষিপ্ত হন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সুবর্ণ ক্লিনিক থেকে ১৮-২০ জন লোক লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় অপর একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী বিষু মিয়া জানান, সুবর্ণ ক্লিনিকের তিনজন স্টাফ পাশের রমজানের চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের চুলায় আগুন দিয়ে পিচ গলানো হচ্ছিল। ওই আগুনের ধোঁয়া চা পানরত স্টাফদের দিকে গেলে তাঁরা ক্ষিপ্ত হন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই হামলা ও মারধরের ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুবর্ণ ক্লিনিকের কর্মকর্তা জানান, ক্লিনিকের বাউন্ডারি ঘেঁষে চুলা জ্বালানোর সময় প্রতিবাদ করলে সওজের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে।
সওজ গাজীপুরের টঙ্গীর উপবিভাগীয় প্রকৌশলী শাম্মী সুলতানা বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে সংস্কারকাজ বন্ধ রয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় একটি মৌখিক অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ করা হয়নি।