কালিয়াকৈরে সড়কের পাশ থেকে গাছ চুরি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে সড়কের পাশ থেকে ২০-২২টি মেহগনি গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। বন বিভাগের লোকজন জানিয়েছেন, চুরি হওয়া গাছের মূল্য প্রায় তিন লাখ টাকা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় সড়কের দুই পাশে সরকারি বাগান রয়েছে। রাস্তার পাশেও বড় বড় মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন মূল্যবান গাছ রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে আশপাশের লোকজন সেহ্রি খেতে ঘুম থেকে উঠে গাছ কাটার শব্দ পান। এ সময় তাঁরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বনদস্যুদের ২৫-৩০ জনের দলটি হুমকি দেয়। ঘটনাস্থলের পাশে কালিয়াকৈর রেঞ্জের বোয়ালি ফরেস্ট অফিস রয়েছে। ফরেস্ট অফিসের নৈশপ্রহরী থাকলেও তাঁরা এগিয়ে আসেননি। এ থেকে এলাকাবাসী ধারণা করছেন, বন কর্মকর্তাদের যোগসাজশে বনদস্যুরা গাছগুলো কেটে নিয়ে গেছে।
চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘কারা গাছ চুরি করেছে সেটা আমার জানা নেই। তবে গাছ চুরির ঘটনার সঙ্গে বন কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে।’
বোয়ালী ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা হায়দার আলী বলেন, গাছ চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।