কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাথাচূড়া এলাকায় স্বামীকে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় তিনি গত শনিবার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম সুমি আক্তার (৩০)। গতকাল রোববার সকালে বাড়ির পাশের একটি কাঁঠালগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবুল কালাম পলাতক আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর আগে কাথাচূড়া এলাকার আমান উল্লাহর ছেলে আবুল কালামের সঙ্গে কুষ্টিয়ার আজহার মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে সুমিকে নির্যাতন করে আসছিলেন কালাম। এক সপ্তাহ আগে কালাম দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করেন। এ খবর জানতে পেরে সুমি গত সোমবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। দুই দিন পর কালাম সিলেট বেড়াতে যাওয়ার কথা বলে দ্বিতীয় বিয়ে করেন। কালাম গত শনিবার দুপুরে বাড়িতে ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় সুমিকে মারধর করেন কালাম। গতকাল সকালে বাড়ির পাশে একটি কাঁঠালগাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সুমির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।