কালিয়াকৈরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ তপতী রানী দাস (২২) মারা গেছেন।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। আগুনে তপতী রানী দাসের শরীরের ৯০ ভাগই পুড়ে গিয়েছিল।
তপতী কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের পরেশ দাসের মেয়ে।
কালিয়াকৈর থানা-পুলিশ ও নিহত গৃহবধূর স্বজন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের তপতী দাস পাঁচ-ছয় বছর আগে এলংজুরী গ্রামের জয় কুমার দাসের ছেলে সঞ্জয় কুমার দাসকে (২৬) বিয়ে করেন। দুজনের বাড়ি পাশাপাশি। সঞ্জয় দাস কালিয়াকৈরের পূর্ব চান্দরা দীঘিরপাড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সেখান থেকে চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় তিনি চাকরি করতেন। স্ত্রী তপতীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক চেয়েছিলেন তিনি।
যৌতুক না পেয়ে গত শনিবার রাত ১০টার দিকে তপতীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। অগ্নিদগ্ধ তপতী আগুন আগুন বলে চিৎকার করে ঘরের বাইরে আসেন। এর ফাঁকে সঞ্জয় পালিয়ে যান।
এ সময় বাড়ির অন্য ভাড়াটেরা পানি দিয়ে আগুন নেভান এবং তপতীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনায় ওই দিন রাতেই মা সঞ্জিলা রানী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আজিম হোসেন বলেন, অগ্নিদগ্ধ তপতী রানী গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।