কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের ওপর গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার সফিপুর-মাঝুখান আঞ্চলিক সড়কের আমতলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিপুর-মাঝুখান আঞ্চলিক সড়কের আমতলায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত সড়কের ওপর গাছ ফেলে প্রথমে এক পথচারীর টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাঁকে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে রাখে। এরপর একটি কাভার্ড ভ্যান থামানো হয়। কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁদের বেঁধে কাভার্ড ভ্যানের ভেতর আটকে রাখা হয়। এভাবে ২০-২২ জন পথচারী এবং পাঁচ-ছয়টি পরিবহন ও কয়েকটি অটোরিকশা থামিয়ে টাকাপয়সা, মালামাল লুটে নিয়ে সবাইকে কাভার্ড ভ্যানের ভেতর আটকে রাখে তারা। ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। এরপর কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভোররাতে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে মহিবুল, হেলাল উদ্দিন, আনসার আলী, রুবেল মিয়া ও জাহের আলী নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেছেন।