কালিয়াকৈরে হত্যা মামলায় যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে আটাবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে শাকিল মোল্লাকে আটক করা হয়েছে। আজ শনিবার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা তাঁকে আটক করেছেন।

পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই গাজীপুরের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। পিআইবি কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ত্রিমোড় এলাকায় এক অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রফিকুল ইসলামের বড় ভাই মো. মোতালেব হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।