কালিয়াকৈরে হামলায় ইউপি সদস্যসহ আহত ৪
জমি নিয়ে বিরোধের জের ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাতাড়িয়া এলাকায় হামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাজি মোহাম্মদ আ. গনিসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন সাইদ আলী (৪৫), ফরিদ হোসেন (৪০), আবদুল রহিম (৩৪)।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের জমিতে একটি মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে। যার কারণে ওই স্কুলের মাঠের দক্ষিণ পাশে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে। এর পাশেই দোকান বসানোর প্রতিযোগিতা চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনও সেখানকার জমির কিছু অংশ দখল করেছেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাড়াড়িয়া এলাকার আবদুল রহিম তাঁর বাড়ির কাজের ইট রাখার জন্য ওই সড়কের পাশে জমি পরিষ্কার করছিলেন। কিন্তু জমি দখলে নিচ্ছেন ভেবে আনোয়ার হোসেনের নেতৃত্বে তাঁর ভাই নজরুল ইসলাম, চান মিয়া, মাজহারুল ইসলাম ও সহযোগী আবদুস ছাত্তার আবদুল রহিমের ওপর হামলা চালান। তাঁর চিৎকারে তাঁর চাচা আটাবহ ইউপির মোহাম্মদ আ. গনি, স্থানীয় বাসিন্দা সাইদ আলী, ফরিদ হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও মারধর করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। আহত ব্যক্তিদের মধ্যে হাজি মোহাম্মদ আ. আবদুল গনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সাইদ আলী, ফরিদ হোসেন ও আবদুল রহিমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবদুল রহিম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।
আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।