কালিয়াকৈরে ৪০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর বারেন্ডা এলাকায় গত রোববার রাতে অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার সময় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গতকাল সোমবার কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় ৪০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিমপুর বারেন্ডা এলাকার কফিল উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৩২) ও রওশন মিয়ার ছেলে আলাউদ্দিন ওরফে হেলাল (৩৫)।
এলাকাবাসী ও জয়দেবপুর থানা-পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কাশিমপুরের বারেন্ডা এলাকায় মিতালি পোশাক কারখানার পাশ থেকে মাটি খুঁড়ে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার কাজ করছিলেন সালাউদ্দিন ও আলাউদ্দিনসহ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শাবল, পাইপ কাটার মেশিন, কোদাল ও মাটি খোঁড়ার বিভিন্ন যন্ত্র জব্দ করেছে।
জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, এ ঘটনায় তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় গতকাল সোমবার সকালে মামলা করেছে। ওই মামলার আসামিদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্র জানায়, কালিয়াকৈরের মৌচাক-ফুলিবাড়িয়া সড়কের পূর্ব মৌচাক এলাকায় চার-পাঁচ কিলোমিটার অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী গ্যাস ব্যবহার করছিল। গতকাল সকালে গাজীপুরের নির্বাহী হাকিম তৌহিদ বিন হাসানের নেতৃত্বে পূর্ব মৌচাক রহমত টেক্সটাইল কারখানার পাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে ৫৬০ ফুট গ্যাস পাইপ উচ্ছেদ করা হয়। এতে প্রায় চার কিলোমিটার এলাকার ৪০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা শাখার ব্যবস্থাপক সরুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পর্যায়ক্রমে সব এলাকায় অভিযান চালানো হবে।