কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, পাঁচজন গুলিবিদ্ধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পারবিষ্ণুপুর গ্রামে গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ১২টি বাড়ি ভাঙচুরসহ লুটপাট হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ ও মুক্তিযোদ্ধা মিহির মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বিকেল চারটার দিকে বিবদমান দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পারবিষ্ণুপুর গ্রামের সুজাত মোল্লা (৩০), আমিনুল মোল্লা (৪০), বনি মোল্লা (৩২), সনি মোল্লা (২৮) ও রেবেকা খাতুন (৪৫) গুলিবিদ্ধ হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিহির মোল্লা বলেন, ‘সাবেক চেয়ারম্যান হারুন তাঁর দলবল নিয়ে আমার বাড়িসহ সমর্থকদের বাড়িতে হামলা চালান। এ সময় ঠেকাতে গেলে হারুন মোল্লার সমর্থক দেয়াডাঙ্গা গ্রামের কাজল, সাবেক মেম্বর সালাম, বিষ্ণুপুর গ্রামের মফিজ, রতন মোল্লা, হাশিম মোল্লা, হাসান মোল্লাসহ ১৪-১৫টি বাড়ি ভাঙচুরসহ লুটপাট করে।’ তিনি দাবি করেন, তাঁরা স্বর্ণালংকারসহ ১০ থেকে ১২টি গরু-ছাগল ও হাঁস-মুরগি লুট করে নিয়ে গেছেন।
হারুনার রশিদ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, মিহির মোল্লা খুলনা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনেন। তারা গ্রামে প্রবেশ করে ফাঁকা গুলি ছুড়লে গ্রামবাসী তাদের প্রতিহত করতে গেলে সন্ত্রাসীরাই আমজনতার ওপর গুলি বর্ষণ করে। এতে পাঁচ থেকে ছয়জন গুলিবিদ্ধ হয়। বাড়ি ভাঙচুর কিংবা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণির মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। কয়েকজন আহত হয়েছেন। তবে বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত।