কালিয়ায় বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির এক নেতা ও তাঁর ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। পরে তাঁদের মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা লুট করে চলে যায়। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের বুড়িখালী-পিরোলী গ্রামের মাঝামাঝি ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পিরোলী গ্রামের ফয়জুর রহমান মোল্যা (৫০), তাঁর ভাই সাবেক ইউপি সদস্য ফসিয়ার রহমান মোল্যা (৪২) ও তাঁদের প্রতিবেশী সোহাগ সিকদার (৩০)। ফয়জুর ও ফসিয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ফয়জুরের ছেলে রাসেল মোল্যা বলেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁর চাচার (ফসিয়ার) বাঁ হাতের দুটি আঙুল কেটে ফেলেছে। তাঁর বাবা ও এক প্রতিবেশীকে কুপিয়ে জখম করেছে।
পিরোলী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) এমামুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।