কালিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নে আজমল ফকির (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আজমল ফকির কালডাঙ্গা গ্রামের মান্নান ফকিরের ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাচুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সঙ্গে একই এলাকার ওবায়দুর মোল্লা, মেলজার ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য রফিকের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। আজমল ফকির লুৎফর রহমানের পক্ষের লোক।

প্রত্যক্ষদর্শী ছলেমান মিয়া জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আজমল ফকির পাশের আটলিয়া মোড়ের একটি দোকানে মুরগি কিনতে যান। ওবায়দুর মোল্লার লোকজন তাঁকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।

সম্প্রতি ওবায়দুর মোল্লার লোকজন লুৎফর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। লুৎফর রহমান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।