ঘের থেকে মাছ চুরির ঘটনায় মামলা করায় নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল এলাকায় প্রতিপক্ষের লোকজন ১২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় পরিবারগুলো এখন দুর্ভোগে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য জাফর মোল্লা-তবিবর মোল্লা পক্ষ এবং ওহাব শেখ-হানিফ শেখ পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। খাশিয়াল বাজারের পাশে তবিবর মোল্লার একটি মাছের ঘের আছে। ওই ঘেরে ওহাব শেখের লোকজন কারেন্ট জাল পেতে প্রায়ই মাছ চুরি করে। বৃহস্পতিবার তবিবর থানায় মামলা করলে পুলিশ ওহাব শেখের কয়েকজনকে আটক করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, জাফর মোল্লার চারটি ঘর, রেখা মোল্লার একটি দোকান, নুর ইসলাম ফকিরের দুটি ঘর, দীন ইসলাম ফকিরের তিনটি ঘর ও টুটুল মোল্লার দুটি ঘর ভাঙচুর করা হয়েছে।
তবিবরের আত্মীয় মিকাইল মোল্লার স্ত্রী লতিফা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে বাড়িঘরে হামলা করে। ভয়ে তিনি পালিয়ে যান। পরে ফিরে দেখেন ঘরবাড়ি কুপিয়ে নষ্ট করা। সোনা, টাকাপয়সা কিছু নেই।
হামলায় ক্ষতিগ্রস্ত নুর ইসলামের স্ত্রী চামেলী বেগম বলেন, ঘরের ওপরের চালা-বেড়া কোপানো হয়েছে। বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।
তবিবর মোল্লা অভিযোগ করেন, ‘মাছ চুরির ঘটনায় জড়িতরা ওহাব শেখের লোক। তারা আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে।’ অভিযোগ অস্বীকার করে ওহাব শেখ বলেন, মাছ চুরির ঘটনা তাঁদের জানা নেই।