কালীগঞ্জ ও আশুলিয়ায় গৃহবধূসহ দুজন খুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ধানখেত থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ায় খুন হয়েছেন এক গৃহবধূ। দুপুরে ভাড়া বাড়ি থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
কালীগঞ্জের রাথুরা গ্রামের নিহত ব্যবসায়ীর নাম আকবর আলী (৩২)। তিনি মৌসুমি ফল ও ডেকোরেটরের ব্যবসা করতেন।
পুলিশ ও আকবরের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি লিচুবাগানে যাওয়ার কথা বলে বেরিয়ে যান আকবর। গতকাল ভোরে বাড়ির অদূরে একটি ধানখেতে আকবরের গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আকবরের ভাই জুলহাস মিয়া বলেন, কয়েকজন যুবক বুধবার রাতে আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে লিচুবাগান পাহারা দেন ভেবে আর তাঁর খোঁজ করা হয়নি। ভোরে গ্রামের বাসিন্দারা তাঁর ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চন্দন দে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের হানিফ ও হুমায়ুনকে আটক করা হয়েছে।
আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার একটি বাড়ির নিচতলা থেকে রুমি আক্তার (২৩) নামের ওই গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রুমির স্বামীর নাম আল হাসান সরকার (৩০)। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে। এ দম্পতির দেড় বছরের একটি মেয়েশিশু রয়েছে। শিশুটি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে বেরিয়ে আসে। এক প্রতিবেশী নারী শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিতে যান। তিনি রান্নাঘরে রুমির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। চিৎকার শুনে অন্য ভাড়াটে ও বাড়ির মালিক সেখানে ছুটে যান। বেলা একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) নাজমুল হাসান ফিরোজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
লাশ উদ্ধার: এ দিকে আমিনবাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আমিনবাজারের বসুদা এলাকার একটি বস্তিতে প্রায় তিন বছর ধরে স্বামী ও দুই সন্তান নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন নাসিমা বেগম (৩০)। গতকাল সকাল ১০টার দিকে খাটের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরে স্বামী-সন্তানদের কাউকে পাওয়া যায়নি।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল বাসেদ বলেন, এই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে লাশের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।