ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক মোল্লাকে একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করেছে। গত বৃহস্পতিবার রাতে গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনার জন্য মালেক মোল্লার সমর্থকেরা তাঁর ভাতিজা আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে দায়ী করেছেন এবং শরীফুলের ১৫ জন সমর্থকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। গত বৃহস্পতিবার রাতেই এই হামলার ঘটনা ঘটে। মালেক মোল্লা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন মালেকের ভাতিজা জামাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপির সদস্য শরিফুল। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, মালেকের সমর্থকেরা শরিফুলকে পিটিয়ে আহত করেছেন।
গতকাল সকালে গোপালপুর গ্রামে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী চা-বিক্রেতা ছবেদ আলী জানান, বৃহস্পতিবার রাতে মালেক মোল্লা তাঁর দোকানে বসে ছিলেন। রাত আটটার দিকে সন্ত্রাসীরা প্রথমে দোকানের পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে সন্ত্রাসীরা মালেক মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তিনি ওই অবস্থায় বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলেও একসময় পড়ে যান। তখন তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। রাতেই তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে যশোর পাঠানো হয়েছে।
মালেক মোল্লার ভাগনে আহাম্মদ আলী জানান, তাঁর মামা শঙ্কামুক্ত নন বলে তাঁদের জানিয়েছেন চিকিৎসকেরা। তা ছাড়া, মেরুদণ্ডে আঘাত লাগায় তিনি পঙ্গু হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।
মালেক মোল্লার আরেক ভাগনে বশির উদ্দিন জানান, শরিফুল ইসলামের ভাই বাবলু মোল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। গোপালপুর গ্রামে গিয়ে বাবলু মোল্লার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মুঠোফোনে শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, তা তাঁদের জানা নেই।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনার পর রাতেই কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সেটা খুব বেশি নয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। এই ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি।